ঢাকা, রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

পাটওয়ারীর ‘অসংলগ্ন কথাবার্তা’ বলার অভ্যাস আছে : স্বরাষ্ট্রমন্ত্রী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্যকে অসংলগ্ন ও ভারসাম্যহীন আখ্যায়িত করে এর কোনো জবাব দিতে চান না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।


তিনি বলেন, আপনি যার কথা বললেন, অসংলগ্ন এবং ভারসাম্যহীন কথাবার্তা বলা সম্ভবত তার একটা অভ্যাস। এ বিষয়ে আমার পর্যায় থেকে কোনো মন্তব্য করা সমীচীন মনে করছি না। আপনারা বিষয়টি বিশ্লেষণ করুন। রোববার (২৭ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।


সাংবাদিকরা নাসীরুদ্দীন পাটওয়ারীর সাম্প্রতিক বক্তব্যের প্রসঙ্গ তুলে জানতে চান, দাবি মেনে নিলে রাজধানীতে ককটেল বিস্ফোরণ বন্ধ হবে বলে তাঁর বক্তব্য ককটেল হামলার সঙ্গে তাদের সংশ্লিষ্টতার কোনো স্বীকারোক্তি কি না। জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ বিষয়ে তাঁর পর্যায় থেকে কোনো মন্তব্য করা সমীচীন নয়।


তিনি বলেন, যারা বলছেন ৯ দলের ৯ দফা মেনে নিলে ককটেল বিস্ফোরণ হবে না, তাতে কী বোঝা যায়? দাবি মানার জন্যই ককটেল মারা হচ্ছে। আগে বোধ হয় ১১ দল ছিল। চরমোনাই পীরের দল ও খেলাফত মজলিস বেরিয়ে যাওয়ায় সংখ্যা এখন ৯-এ দাঁড়িয়েছে এবং দফাও ৯টি।


স্বরাষ্ট্রমন্ত্রী মন্তব্য করেন, এখন ওই ৯ দফা মেনে নিলে আর কোনো ‘ঠুস-ঠাস’ হবে না, এটাই তো তাদের বক্তব্য। এসব বক্তব্যের মধ্য দিয়েই তারা নিজেরা প্রমাণ করছেন কারা এসব ঘটনার সঙ্গে জড়িত। তবে ওই পর্যায়ের লোকের ভারসাম্যহীন ও অসংলগ্ন কথাবার্তার জবাব দিতে চান না বলেও জানান তিনি।


এর আগে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছিলেন, সরকার তাদের প্রধান তিনটি দাবি মেনে নিলে ঢাকায় আর কোনো ধরনের ককটেল বিস্ফোরণ হবে না। তাঁর বক্তব্য অনুযায়ী, দাবিগুলোর মধ্যে রয়েছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাইয়ের গণহত্যার বিচার।

ads
ads
ads

Our Facebook Page

↑